শিরোনাম

উড়ে এসে জুড়ে বসে এনসিপি থেকে বগুড়া-৬ এর নমিনেশন পেল কে এই ওয়াকী?


বগুড়া প্রতিনিধিঃ

কে এই আব্দুল্লাহ আল ওয়াকী?—এ প্রশ্নেই এখন সরগরম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বগুড়ার রাজনৈতিক অঙ্গন। ‘চ্যানেল টেনে উঠছে তথ্য’ শিরোনামে আজ শুরু হলো তার পরিচয় উন্মোচনের প্রথম পর্ব।

জানা যায়, ২০২৪ সালের জুলাই–আগস্টে সংঘটিত কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ওই আন্দোলনের নেতৃত্বদানকারী ও সক্রিয় কর্মীরাই মূলত দলটির প্রতিষ্ঠাতা বলে দাবি করা হয়।

এমন প্রেক্ষাপটে জুলাই আন্দোলনের স্মৃতিচিহ্ন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্যের অভিযোগ ওঠা আব্দুল্লাহ আল ওয়াকীকে এনসিপির পক্ষ থেকে বগুড়া সদর-৬ আসনের মনোনয়ন দেওয়া হয়েছে—এ খবর প্রকাশ্যে আসতেই শুরু হয় তীব্র আলোচনা ও সমালোচনা।

মনোনয়ন ঘোষণার পর থেকেই এনসিপির বগুড়া জেলা কমিটির ভেতরে-বাইরে বিরাজ করছে চরম অসন্তোষ। নাম প্রকাশে অনিচ্ছুক দলটির এক শীর্ষস্থানীয় নেতা বলেন, “আমরা আন্দোলন করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। যারা আন্দোলনের চেতনার বিরোধিতা করে, তাদের যদি মনোনয়ন দেওয়া হয়, তাহলে মাঠপর্যায়ের নেতাকর্মীরা দল থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হবেন।”

এদিকে বিতর্ক প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরে মনোনয়নপ্রাপ্ত আব্দুল্লাহ আল ওয়াকী বলেন, “আমি কখনোই জুলাই স্মৃতিস্তম্ভকে অবজ্ঞা করিনি। আমার ফেসবুক পোস্টটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। আমি উড়ে এসে জুড়ে বসে মনোনয়ন পাইনি। এনসিপি সারা দেশে উন্মুক্তভাবে মনোনয়ন আহ্বান করেছিল, সেই প্রক্রিয়ার মাধ্যমেই আমি আবেদন করেছি।”

তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—আন্দোলনের চেতনার কথা বলা একটি নতুন রাজনৈতিক দলে এমন বিতর্কিত ব্যক্তির মনোনয়ন কি এনসিপির জন্য নতুন সংকটের ইঙ্গিত দিচ্ছে? নাকি সামনে আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশের অপেক্ষা করছে বগুড়ার রাজনীতি?

No comments